মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে ‘ডিজিটাল শুমারি’র ট্যাব
নির্ভুল পরিসংখ্যান প্রস্তুত ও সরকারঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে অবদান রাখার অভিপ্রায়ে ১৫ থেকে ২১ জুন ২০২২ সময়সীমায় প্রথম ‘ডিজিটাল শুমারি’ পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এজন্য জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মাধ্যমে তিন লাখ ৯৫ হাজার ট্যাব কিনেছিলো বিবিএস। মানুষ গণনার জন্য মাত্র ৭ দিন ব্যবহার হয় ৪৪৭ কোটি টাকায় কেনা ট্যাবগুলো।
শুমারি শেষে এসব ট্যাব ‘দেশের সম্পদ’ উল্লেখ করেছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাই কার্যক্রম শেষে এসব সম্পদ অলস বসিয়ে না রেখে বিতরণ করা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত মেধাতালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের।
ট্যাব বিতরণের গাইডলাইন অনুসরণ করে নির্বাচিত মোট দুই লাখ ৮৮৫টি ট্যাবের মধ্যে প্রথমধাপে দেশজুড়ে বিতরণ হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭১৪টি ট্যাব। বাকি ৬২ হাজার ১৭১টি ট্যাব বিতরণের কাজ চলমান রয়েছে।
বিবিএস জানিয়েছে, শিক্ষার্থী সংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি ৯ হাজার ৫৮১টি ট্যাব পাচ্ছে গাজীপুর। এরই মধ্যে তিন হাজার ৮৪২টি বিতরণ হয়ে গেছে, বাকি রয়েছে পাঁচ হাজার ৭৩৯টি।
৬৪ জেলাতেই এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।







